গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: রায়হান উদ্দিন
সিলেটের গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুরন্ত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রথম দুরন্ত এসসি ফুটবল লিগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় গোয়াইনঘাট
উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলীরগ্রামে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামে দুটি শক্তিশালী দল গোল্ডেন টাইটানস ও টাইটানস এফসি।
‘খেলায় হোক সম্প্রীতি, ফুটবলে গড়ি বন্ধুত্বের প্রীতি’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক রুবেল আহমদ, মো. দুলাল ও দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সোবহান।
এ সময় আলীরগ্রামসহ আশপাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় তরুণরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি যুবসমাজকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
তারা আরও জানান, নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে কাজ করছে দুরন্ত স্পোর্টিং ক্লাব।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন গোয়াইনঘাটের স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আগামী দিনে আরও বেশি তরুণকে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।