
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাকালীন পরিচালনা পরিষদের দায়িত্ব হস্তান্তর এবং নবাগত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর ২০২৬) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মাসুদুজ্জামান। এ ছাড়া বিভাগের প্রভাষক ফারজানা আক্তার তমা, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান নবাগত কমিটির সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেন।
নবাগত কমিটিতে মুখ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজাহিদুল ইসলাম আযম এবং প্রতিনিধি সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন লাদেন আহমেদ। তাঁদের নেতৃত্বে ২৫ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান পুলক রঞ্জন চৌধুরীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ক্লাব প্রতিষ্ঠা ও এর কার্যক্রম এগিয়ে নিতে তাঁর শ্রম, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি।
নবাগত পরিচালনা পরিষদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি জ্ঞানচর্চা, সাহিত্য, ক্রীড়া ও বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মাসুদুজ্জামান ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার ওপর গুরুত্ব দেন। এ ছাড়া বক্তব্য দেন প্রতিষ্ঠাকালীন পরিচালনা পরিষদের মুখ্য সম্পাদক রুবেল আহমেদ এবং প্রতিনিধি সচিব এনাম উদ্দিন। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ক্লাবের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিষ্টিমুখের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
















