জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। জামায়াত-শিবিরের রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে মওদুদী নাকি মুহাম্মদ আলী জিন্নাহ—কাকে অনুসরণ করা হচ্ছে, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব প্রশ্ন তোলেন।
রাশেদ খাঁন লিখেছেন, জামায়াত-শিবিরকে তাদের রাজনৈতিক আদর্শের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। তার ভাষ্য অনুযায়ী, জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আ’লা মওদুদী একদিকে ইসলামি আদর্শে বিশ্বাসী ছিলেন, অন্যদিকে মুহাম্মদ আলী জিন্নাহ ছিলেন পাকিস্তানের জাতির পিতা ও জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার নেতা।
তিনি দাবি করেন, জিন্নাহ ও মওদুদীর চিন্তা ও আদর্শের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। জিন্নাহ মধ্যপন্থী ও পশ্চিমা ভাবধারার জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন বলে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, মওদুদীর চিন্তায় ভৌগোলিক জাতীয়তাবাদের গুরুত্ব ছিল না।
রাশেদ খাঁনের প্রশ্ন, বর্তমান জামায়াত একই সঙ্গে দুজনকে রাজনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করতে চাইলে তাদের প্রকৃত আদর্শিক অবস্থান কী? যারা মওদুদীর আদর্শ অনুসরণ করেন, তারা জিন্নাহর রাজনৈতিক দর্শন গ্রহণ করলে তা আদর্শচ্যুতি কি না—এ বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
তিনি আরও প্রশ্ন করেন, বর্তমান জামায়াত কি তাদের মূল আদর্শ থেকে সরে গিয়ে পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে কি না। তার মতে, এ বিষয়ে জামায়াতের রাজনৈতিক অবস্থান স্পষ্ট থাকা জরুরি।
রাশেদ খাঁন আরও লিখেছেন, ‘আধা ইসলামিক, আধা মধ্যপন্থী’ আদর্শ অনুসরণ করতে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তবে এ সমস্যাকে তিনি নেতাকর্মীদের নয়, বরং দলের নীতিনির্ধারকদের সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।
তার দাবি, ক্ষমতার আকাঙ্ক্ষায় জামায়াতের নীতিনির্ধারকেরা নেতাকর্মীদের সঠিক আদর্শিক দীক্ষা দিতে ব্যর্থ হচ্ছেন। এর ফলেই বর্তমান জামায়াতের অধঃপতন ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
নিজের বক্তব্যের সমর্থনে জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার আমান আযমীর একটি বক্তব্যও উল্লেখ করেন রাশেদ খাঁন। তার দাবি, আমান আযমী আফসোস করে বলেছেন, ‘আমার বাবা যে জামায়াত করেছে, আর বর্তমান এই জামায়াত এক নয়।’
Reporter Name 







