
সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে ব্যাটালিয়নের আওতাধীন তিনটি বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচড় ইউনিয়নের পেচাকোনা এলাকায় আশাউড়া বিওপি অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২২৩/১-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৭৪ বোতল ভারতীয় মদ আটক করে।
একই দিনে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর এলাকায় লাউরগড় বিওপি অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০৪/৮-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়া তাহিরপুর উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় চাঁনপুর বিওপি অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০২/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৯৩ বোতল ভারতীয় মদ আটক করে।
ভিন্ন ভিন্ন তিনটি অভিযানে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর তিনটি বিওপি সর্বমোট ১৯১ বোতল ভারতীয় মদ আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।















