
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোয়াইনঘাটের তরুণ সাংবাদিক জুবায়ের আহমদ সাব্বির। গত ২১ অক্টোবর প্রকাশিত সিলেট মহানগর কমিটির তালিকায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক ফরিদ খানের স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক পদে জুবায়ের আহমদ সাব্বিরের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
জুবায়ের আহমদ সাব্বির দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, সম্ভাবনা, সামাজিক সমস্যা ও স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করে আসছেন।
বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তাঁর সাংগঠনিক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হলো। একই সঙ্গে সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।
গোয়াইনঘাটের এই তরুণ সাংবাদিকের নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি স্থানীয় সাংবাদিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তিনি পেশাগত সততা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
নতুন দায়িত্ব পালনে জুবায়ের আহমদ সাব্বিরের সফলতা কামনা করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।





















