
সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর গোয়াইনঘাট থানার আওতাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য সেখানে উপস্থিত হন। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে জৈন্তাপুর থানা হেফাজতে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে জৈন্তাপুর থানা পুলিশ।















