
সিলেট প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চিনি, চা-পাতা, গবাদিপশু ও একটি পিকআপসহ মোট ৩৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুরাইঘাট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় জিরা ও একটি পিকআপ জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ২৯ লাখ টাকা।
এদিকে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির আভিযানিক টহলদল। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪০০ কেজি ভারতীয় চিনি, ২৮০ কেজি চা-পাতা, দুটি মহিষ ও একটি গরু জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা।
দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৩৪ লাখ ৮০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















