বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে হলে ভারতকে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের বাংলাদেশে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ভালো করতে হলে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের যেসব নেতা দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাদের বাংলাদেশে ফেরত দিতে হবে। বাংলাদেশের সংবেদনশীলতার বিষয়টি ভারত সরকার উপলব্ধি করবে এবং সংশ্লিষ্টদের বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তথ্য উপদেষ্টা জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় শেখ হাসিনা ও অন্যদের বিষয়ে বাংলাদেশের অবস্থানও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
গ্রামীণ কল্যাণের মামলা আদালতের বিষয়
এদিকে গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই বলেও জানিয়েছেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস কিংবা অন্য কোনো ব্যক্তির প্রতি সরকারের অনুরাগ বা বিরাগ নেই। মামলাটি সম্পূর্ণ আদালতের বিষয় এবং এটি আদালতের নিজস্ব গতিতেই চলবে।
ব্যাটারিচালিত রিকশার অবৈধ চার্জিং বন্ধে অভিযান
ব্যাটারিচালিত রিকশায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনার তথ্যও তুলে ধরেন তথ্য উপদেষ্টা।
তিনি জানান, গত ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর অধীনে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধে মোট ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।
Reporter Name 







