
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গভীর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লুনী সুব্রত শর্মার বাড়ির দুর্গামন্দির পরিদর্শন করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মুরাল।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১টার দিকে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ওসি ওমর ফারুক বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ আনসার গ্রাম পুলিশ সতর্ক রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।”
তিনি পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের যেকোনো সন্দেহজনক পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
গোয়াইনঘাট থানা পুলিশের এ ধরনের রাত্রীকালীন পরিদর্শন পূজামণ্ডপের নিরাপত্তা পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে পুলিশ ও পূজা উদ্যাপন সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

























